দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট আন্তঃজেলা রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দিনব্যাপী নানা উত্তেজনাকর লড়াইয়ের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট সম্পন্ন হয়।
বিকেলে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু তৈয়ব আলী দুলাল। উদ্বোধনকালে তিনি বলেন, মেধা বিকাশে দাবার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এ ধরনের বুদ্ধিভিত্তিক খেলায় আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন।
টুর্নামেন্টে দিনাজপুরসহ আশপাশের কয়েকটি জেলা থেকে আসা মোট ২৭ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। দিনভর রাউন্ড-রবিন ও নক-আউট পদ্ধতির খেলা শেষে রাত সাড়ে ৮টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদির জুয়েল। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. নাদিম এবং টুর্নামেন্ট পরিচালকের দায়িত্ব পালন করেন আলী হাসান আহমেদ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৭ জন প্রতিযোগীর মধ্যে মেধার ভিত্তিতে সেরা ১০ জনকে আকর্ষণীয় পুরস্কার ও সনদ প্রদান করা হয়। আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে দাবার প্রসার এবং নতুন প্রতিভার অন্বেষণে আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।