রংপুর রিজিয়নের আওতাধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সমন্বিত কার্যক্রমে সীমান্ত এলাকার নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও মানবপাচার রোধে দিনাজপুর বিজিবি প্রেস ব্রিফিং করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২টায় দিনাজপুর কুঠিবাড়ি ৪২ বিজিবি শহীদ কর্ণেল গুলজার অডিটোরিয়ামে প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল ফয়সল হাসান খানসহ ব্যাটালিয়নের কর্মকর্তাবৃন্দ।
ব্রিফিংয়ে দিনাজপুর সদর সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্ণেল ফয়সল হাসান খান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তের ওপার থেকে যেকোনো অপতৎপরতা রুখতে প্রস্তুত বিজিবি। সীমান্তের অপার থেকে কোন অবস্থাতেই যেন অবৈধ অস্ত্র ও নকল টাকা বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত চৌকিগুলোতে তৎপরতা বাড়ানো হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এ ধরনের তৎপরতা ও কঠোর নজরদারি রংপুর উত্তর-পশ্চিম সীমান্তের প্রায় ১ হাজার ৬৬৮ কিলোমিটার এলাকাব্যাপী অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, রংপুর রিজিওনের আওতাধীন ব্যাটেলিয়ন সদস্যরা এবছর প্রায় চার কোটি টাকা অধিক মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালান মালামাল আটক করতে সক্ষম হয়। এসব অবৈধ মালের মধ্যে রয়েছে ফেন্সিডিল, বিদেশী মদ, নেশা জাতীয় ট্যাবলেট বিভিন্ন ইলেকট্রনিক ও প্রসাধনী সামগ্রী।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৯ বিজিবি অধিনায়ক এএম জাবের বিন জব্বার, সদর সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।