দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার দিনাজপুর শিক্ষাবোর্ডে স্বরণকালের ফলাফল বিপর্যয় হয়েছে। গড় পাশের হার এবার ৫৮ দশমিক ০৫ শতাংশ। এর আগে সর্বনিম্ন পাশের হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ। যা গেল বছরের ফলাফল। আর এবার জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। গতবারে ছিল ১৫ হাজার ৬২ জন।
আজ সোমবার সকাল ১০টায় শিক্ষাবোর্ড মিলনায়তনে পরীক্ষার ফল ঘোষণা করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো.বোরহান উদ্দিন।
অধ্যাপক মো.বোরহান উদ্দিন জানান, ২০২৬ সালে এই শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন পরীক্ষার্থী। গড় পাশের হার ৫৮ দশমিক ০৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৭৫ হাজার ৮২৭জন। গতবারে অকৃতকার্য ছিল ৩৫ হাজার ১৬৪ জন পরীক্ষার্থী। এছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিল ২৯৪২ জন পরীক্ষার্থী।
তিনি জানান, প্রতিবারের মত এবারেও ছাত্রীদের পাশের হার বেশি। ছাত্রীদের পাশের হার ৬৩ দশমিক ০১ শতাংশ আর ছাত্রদের পাশের হার ৫৩ দশমিক ৩৩ শতাংশ। এবারে ১৩৬৩৯ জন জিপিএ-৫ এর মধ্যে ছাত্রী ৭১৫২ জন এবং ছাত্র ৬৪৮৭ জন।
বিজ্ঞান বিভাগে ৯৯ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৩ হাজার ১৫৭ জন। উত্তীর্ণদের মধ্যে ৩৬ হাজার ৮৬০ জন ছাত্র ও ৩৬ হাজার ২৯৭ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগে গড় পাশের হার ৭৩ দশমিক ২৯ শতাংশ।
মানবিক বিভাগে ৭৮ হাজার ৯৫৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩০ হাজার ৫৯৬ জন। এদের মধ্যে ১১ হাজার ৭৭০ জন ছাত্র ও ছাত্রী ১৮ হাজার ৮২৬ জন। মানবিকে বিভাগে গড় পাশের হার ৩৮ দশমিক ৭৫ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে ১৯৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৭২ জন। এদের মধ্যে ৭৩৭ জন ছাত্র ও ছাত্রী মাত্র ৪৩৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে গড় পাশের হার ৫৯ দশমিক ৫ শতাংশ।
অধ্যাপক মো.বোরহান উদ্দিন আরো জানান, এ বছর ২৯৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে। এবারে শুন্য ফলাফল বিদ্যালয়ের সংখ্যা ১৮টি,যা গত ফলাফলগুলোর তুলনায় সবচেয়ে বেশি। এবারে শতভাগ পাশ করেছে ২৪টি বিদ্যালয় যা সর্বনিম্ন তালিকার শীর্ষে।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন
প্রফেসর নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিন,প্রফেসর মোহাম্মদ বোরহান উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক,মো.জহিরুল ইসলাম প্রামানিক, উপ পরীক্ষা নিয়ন্ত্রক উচ্চ মাধ্যমিক,মো.জহিরুল ইসলাম,উপ পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক,মো.রেজাউল করিম চৌধুরী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকসহ সাধারণ সম্পাদক দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ/ কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত, এবারে দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৮১৪টি স্কুল হতে ২৮৩টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এটি দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ১৭তম এসএসসি পরীক্ষা।
ক্যাপশন: ছবিটি আজ সকালে দিনাজপুর শহরের হলিল্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে তোলা।