
কিশোরী ও তরুণীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং অধিকার সুরক্ষায় দিনাজপুরে ইয়ং উইমেন খ্রিষ্টিয়ান এ্যাসোসিয়েশন (ওয়াইডব্লিউসিএ)-এর উদ্যোগে ৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার দুপুরে ঈদগাহ্ বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘মাসিক স্বাস্থ্য ও অধিকার’ বিষয়ক একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘রাইজ আপ’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য উপজেলা সমাজসেবা অফিসার মোঃ গোলাম আজম, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান এবং দিনাজপুর পৌরসভার স্যানিটারি ইন্সট্রাক্টর মোছাঃ মোমরেজ সুলতানা । কিশোরীদের স্বাস্থ্যসুরক্ষায় সমাজ ও পরিবারের সচেতনতার ওপর জোর দেন।
শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম -এর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থায় কর্মরত মাস্টার ট্রেইনার রিবিকা মৃধা, দীপান্বিতা, লিপা লাকড়া, জয়া মনি, ক্রিস্টিনা এবং ১৫ জন অ্যালুমনাই সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ‘ওয়ান স্টপ ক্রাইম সেল’-এর প্রোগ্রাম অফিসার মোছাঃ সাবিহা বিনতে আনোয়ার।
কর্মসূচির সার্বিক লক্ষ্য ও সংগঠনের প্রতিশ্রুতি তুলে ধরে দিনাজপুর ওয়াইডব্লিউসিএ-এর সাধারণ সম্পাদক পপি ফ্লোরেন্স লাকড়া বলেন, “মাসিক কোনো লজ্জা বা স্তব্ধতার বিষয় নয়, বরং এটি নারী স্বাস্থ্যের একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ অংশ। আমাদের উদ্দেশ্য হলো কিশোরীদের মধ্যে এটি নিয়ে বিদ্যমান সামাজিক সংকোচ দূর করা এবং তাদের সঠিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা। ‘রাইজ আপ’ প্রকল্পের মাধ্যমে আমরা নারী ও কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্বাস্থ্যকর ও সহায়ক পরিবেশ গঠনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।”
দিনব্যাপী এই ক্যাম্পেইনে রিবিকা মৃধা ও দীপান্বিতার পরিচালনায় মাসিক স্বাস্থ্য ও অধিকার বিষয়ে একটি সচেতনতামূলক নাটিকা পরিবেশন করা হয়। পরবর্তীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে দলগত আলোচনা এবং উপস্থাপনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের গোপনীয়তা রক্ষা করে মনখুলে প্রশ্ন করার সুযোগ দিতে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ ‘জিজ্ঞাসা কর্নার’ ও খোলা চিঠির বক্স।
দিন শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন এবং তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিশ্বের ৯টি দেশে ওয়াইডব্লিউসিএ-এর মাধ্যমে এই ‘রাইজ আপ’ প্রকল্প সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশে মোট ১৩টি শাখার মধ্যে দিনাজপুরসহ ৬টি শাখায় এ প্রকল্প কার্যকর রয়েছে।