দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল বলেছেন, জিও-এনজিও সকলকে নিয়ে কাজ করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব। পিছিয়ে পড়া বিশাল জনগোষ্ঠীর কল্যাণে এনজিও কর্মীরা তৃণমূল পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাদের পাশে আমাদের থাকতে হবে। আজকের এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের কল্যাণের কাজে লাগাতে হবে।
৩০ জুলাই বৃহস্পতিবার বালুবাড়ী এমবিএসকের প্রশিক্ষণ রুমে এডাব দিনাজপুর জেলা শাখার আয়োজনে ৩দিনব্যাপী স্থানীয় এনজিওদের তহবিল সংগ্রহের কৌশল নির্ধারণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এডাব দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোস্তফা কামাল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এডাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ মোজাফ্ফর হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এডাব রংপুর বিভাগের সমন্বয়কারী এসএম আনিসুর রহমান।
৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় দিনাজপুর, রংপুর ও পঞ্চগড় জেলার ২৩ জন এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করে। প্রশিক্ষনার্থীদের মধ্যে অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা হতে আগত এসভিডি’র মিজানুর রহমান, এমবিএসকের মোর্শেদা পারভীন মলি এবং ফুলবাড়ী উপজেলার স্বকল্প সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল কাইয়ুম।
প্রশিক্ষণ প্রদান করেন এডাব রিসোর্স পুলের সদস্য সুবিনয় দত্ত ও সহকারী ফেসিলেটর সমাপিকা হালদার। এডাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ মোজাফ্ফর হোসেন বলেন, তিনি ৩ দিনের এই প্রশিক্ষণের মুল বিষয় ছিলো স্থানীয় এনজিওগুলি কিভাবে দেশি-বিদেশি, স্থানীয় এবং ব্যক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা কিভাবে তহবিল সংগ্রহ করবে তার কৌশল জানানো হয়।