
দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত ৭ দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান।
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম।
বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ বেতার রংপুর এর সংবাদ পাঠক মুনিরা শাহনাজ চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ, দিনাজপুর সদর রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ।
সমাপনী অনুষ্ঠানে সেরা ৩টি নার্সারি প্রতিষ্ঠান বেস্ট কেয়ার এগ্রো, রানা নার্সারি ও ইলিয়াস নার্সারি কে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে গেল ১৬ জুলাই বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। তারপর মুল ফটকে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
প্রসঙ্গত, বৃক্ষ মেলায় সরকারি-বেসরকারীসহ ৩৩টি প্রতিষ্ঠান অংশ নেয়।