নির্বাচনের পরও মাঠে সেনাবাহিনীর ক্যাম্প, ঐতিহ্যবাহী বড়মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি বড়মাঠ রক্ষা কমিটির
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড়মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিতে আগামী ২৩ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বড়মাঠ রক্ষা কমিটি। এ কর্মসূচিতে অংশ নিতে দিনাজপুরের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টায় দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বড়মাঠ রক্ষা কমিটির নেতৃবৃন্দ বলেন, গোর-এ শহীদ বড়মাঠ দিনাজপুরের শতবর্ষের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক একটি স্থান। দেশের বৃহত্তম ঈদগাহ মাঠে ঈদের জামাত ছাড়াও এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ড, জাতীয় দিবস পালন, মেলা, জনসভা, ইসলামী জলসা এবং বিশিষ্ট ব্যক্তিদের জানাজা অনুষ্ঠিত হয়ে আসছে। মাঠটি দিনাজপুরবাসীর ইতিহাস, ঐতিহ্য, আবেগ ও দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
তারা অভিযোগ করেন, ২০২৬ সালের জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের সহযোগিতায় বড়মাঠের স্পোর্টস ভিলেজে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়। নির্বাচনী দায়িত্ব পালনের কথা বলে সেনাবাহিনী সেখানে অবস্থান নেয়। নির্বাচন-পরবর্তী সময়ে ক্যাম্প প্রত্যাহার করে মাঠটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও এখনো মাঠের ওপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে। এমনকি মাঠটি নিজেদের সম্পত্তি বলেও দাবি করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
বড়মাঠ রক্ষা কমিটির নেতৃবৃন্দ জানান, মাঠটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, আইনজীবী, চিকিৎসক, খেলোয়াড়, ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। এ দাবিতে লিফলেট বিতরণ, পথসভা, মতবিনিময়, মানববন্ধন ও রেলপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জেলার মন্ত্রী ও সংসদ সদস্যদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ১৯৮৯ সালে মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বড়মাঠের জমি ভূমি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের বিষয়টি অবিলম্বে কার্যকর করতে হবে। এ ছাড়া ২০০৩ সালে ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন ও মন্ত্রিপরিষদের সভায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গোর-এ শহীদ বড়মাঠ জনগণের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে যে সিদ্ধান্ত দিয়েছিলেন, সেটিও বাস্তবায়নের দাবি জানান তারা।
কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, জেলা প্রশাসক নির্বাচনের পর বড়মাঠ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বড়মাঠ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক সম্পত্তি নয়; এটি দিনাজপুরবাসীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ক্রীড়া ও জনজীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই মাঠের ওপর দিনাজপুরবাসীর স্বাভাবিক ও ঐতিহ্যগত অধিকার ফিরিয়ে দিতে হবে।
সংবাদ সম্মেলন থেকে আগামী ২৩ নভেম্বর সোমবার সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউটে সমবেত হয়ে মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
বড়মাঠ রক্ষা কমিটির পক্ষ থেকে বলা হয়, “দিনাজপুরের বড়মাঠ, দিনাজপুরবাসীকে ফিরিয়ে দাও”—এই দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। বড়মাঠ অবমুক্ত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
সংবাদ সম্মেলনে বড়মাঠ রক্ষা কমিটির কার্যকরী সভাপতি গোলাম নবী দুলার, সদস্য সচিব রেহাতুল ইসলাম খোকাসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।