দিনাজপুরে ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার) শহরের লিলির মোড়স্থ ইসলামী ব্যাংক দিনাজপুর শাখার প্রধান ফটক সংলগ্ন সড়কে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা এস আলম গ্রুপ ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট করার ঘোষণা দেন। একই সাথে গ্রাহকদের ওপর পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি “১ ঘণ্টার ‘কলম বিরতি” পালনের আহ্বান জানান।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য সচিব আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ব্যাংকের সাধারণ গ্রাহক আবুল হাসেম, সিরাজুল ইসলাম, রাশেদুল ইসলাম রিপন, রিয়াজুল কবির এবং হাফিজুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বিভিন্ন দাবি তুলে ধরেন এই দাবিগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের তাৎক্ষণিক অপসারণ। সাধারণ গ্রাহকদের আমানতের পূর্ণ সুরক্ষা ও স্বার্থ রক্ষা। এস আলম গ্রুপসহ ফ্যাসিস্টের দোসরদের ব্যাংক থেকে সম্পূর্ণ বয়কট করা।গ্রাহকদের ওপর হওয়া নির্মম পুলিশি হামলার সুষ্ঠু বিচার।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ না পর্যন্ত সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকের অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ ও আন্দোলন অব্যাহত থাকবে। তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ গ্রাহকদের এই ন্যায্য দাবির পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।