• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দিনাজপুরে বিচারহীনতার সংস্কৃতি ভাঙার আহ্বান মহিলা পরিষদের

জিন্নাত হোসেন, দিনাজপুর: / ১১ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে দ্রুত বিচার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিচারহীনতার সংস্কৃতি ভাঙার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

‘নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার সংস্কৃতি ভাঙো’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্বব্যাপী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হচ্ছে। সমাজে শারীরিক ও মানসিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, সাইবার হয়রানি ও ধর্ষণের মতো ঘটনা জেন্ডার সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আইনের যথাযথ প্রয়োগের অভাব এবং বিচারিক দীর্ঘসূত্রিতার কারণে নারী ও দেশের সামগ্রিক উন্নয়ন ব্যাহত হচ্ছে।

এ সময় জেলার গোফরাইল ফরাক্কাবাদ, রানীশংকৈল, বিরামপুর ও বীরগঞ্জ উপজেলায় ঘটে যাওয়া সাম্প্রতিক কয়েকটি নারী ও শিশু নির্যাতনের ঘটনা তুলে ধরে দ্রুত বিচার দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে জানানো হয়, গত এক বছরে (নভেম্বর ২০২৫ থেকে নভেম্বর ২০২৬) জেলায় নারী ও শিশু ধর্ষণ মামলা হয়েছে ৯টি, নারী নির্যাতন মামলা ২৪৭টি, শিশু নির্যাতন মামলা ১৭৩টি, যৌতুকের জন্য নির্যাতন মামলা ৭২৩টি এবং অন্যান্য মামলা হয়েছে ৭৮০টি।

এছাড়া, গত এক বছরে মহিলা পরিষদের কাছে আসা ১৪টি অভিযোগের মধ্যে ৮টির তদন্ত সম্পন্ন হয়েছে এবং ৪টি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ১. নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা। ২. অনলাইন ও সাইবার স্পেসে নারীদের নিরাপত্তা নিশ্চিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা। ৩. আদালতে ধর্ষণের শিকার নারীর চরিত্র নিয়ে প্রশ্ন উত্থাপন নিষিদ্ধ করে প্রচলিত সাক্ষ্য আইনের বিধান পরিবর্তন করা। ৪. বিবাহ, বিবাহ-বিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্ব ও সম্পদে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করতে অভিন্ন পারিবারিক আইন চালু করা। ৫. নারী ও শিশু নির্যাতনকারীদের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক বন্ধ করা। ৬. নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে পৃথক দুটি পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ে রূপান্তর করা।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে-লিফলেট বিতরণ, সাইবার সহিংসতা প্রতিরোধে তরুণদের সাথে কর্মশালা, বাল্যবিবাহ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত সম্পর্কে অভিভাবক ও তরুণ প্রজন্মের সাথে মতবিনিময় সভা এবং দিবসটি উপলক্ষে সমাবেশ ও র‍্যালি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি প্রফেসর অর্চনা অধিকারী, রত্না মিত্র, সুমিত্রা বেসরা, সাধারণ সম্পাদক রুবিনা আকতার, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু, আন্দোলন সম্পাদক অনামিকা পান্ডে ও সদস্য শিবানী উড়াও প্রমুখ।

পরিশেষে, পরিবার ও সমাজকে নারী নির্যাতন প্রতিরোধের দুর্গ হিসেবে গড়ে তুলতে অভিভাবক, ছাত্রসমাজ ও সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd