
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে ৪ দিনব্যাপী ‘৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬’ এর অঞ্চল-৪ (রাজশাহী ও রংপুর বিভাগ) এর প্রতিযোগিতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় দিনাজপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতার উদ্বোধন করেন দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও তাঁদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে দিনাজপুর চেস্ট ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ এবং সভাপতি আরিফ হোসেনসহ বিভিন্ন জেলার ক্রীড়া অনুরাগী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলো থেকে বিভিন্ন বয়সের প্রায় ৫০ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। সুইস-লিগ পদ্ধতিতে মোট ৭টি রাউন্ডে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতাটির সার্বিক পরিচালনা করছেন অভিজ্ঞ আরবিটর আকমল হোসেন। প্রতিযোগিতাটি আগামী ৪ অক্টোবর সমাপ্ত হবে।