চিকিৎসার জন্য দূর ঢাকার পথে ছুটতে হবে না—দিনাজপুরেই মিলবে উন্নত চিকিৎসার সুযোগ। এমন প্রত্যয়ের কথাই জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন।
তিনি বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করার কাজ চলছে। প্রয়োজন হলে শয্যাসংখ্যা ১ হাজার ৫০০-তে উন্নীত করা হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত কেবিন ব্লক উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
ডা. জাহিদ হোসেন বলেন, “রোগীদের উন্নত চিকিৎসার জন্য যাতে আর ঢাকায় যেতে না হয়, সেই ব্যবস্থা করা হবে। শুধু প্রয়োজন সময় ও সবার সহযোগিতা।”
দিনাজপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, “দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল বিএনপি প্রতিষ্ঠা করে। সেই মেডিকেল কলেজের নাম ফ্যাসিস্ট আমলে হাইজ্যাক করা হয়েছিল। বর্তমানে তা আবার আগের নামেই ফিরে এসেছে।”
হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, মানুষের চিকিৎসার প্রয়োজন মেটাতে অবকাঠামো ও সেবার পরিসর আরও বাড়ানো হচ্ছে। তাঁর মতে, সময়ের সঙ্গে চিকিৎসাসেবার চাহিদাও বাড়ছে; সেই চাহিদা পূরণে প্রয়োজন পরিকল্পিত উন্নয়ন ও সম্মিলিত উদ্যোগ।
হাসপাতাল পরিদর্শনকালে তিনি চিকিৎসাসেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাদেক আলী, হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর কবির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ সংশ্লিষ্টরা।