দিনাজপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের হঠাৎপাড়ায় ড্রেনের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে প্রায় দুই হাজার পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বৃহস্পতিবার কাঞ্চন ব্রিজের ওপর দিনাজপুর-বিরল সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সামান্য বৃষ্টিতেই ড্রেনের পানি রাস্তাঘাট ও বসতবাড়িতে প্রবেশ করে। ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘœ সৃষ্টি হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
মানবন্ধন ও বিক্ষোভ চলাকালে দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোঃ নুরনবী ও পৌরসভার কর্তৃপক্ষের দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী প্রত্যাহার করে নেয় এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে কাঞ্চন ব্রিজ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে ব্রিজের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জরুরি কাজে বের হওয়া যাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।