অধিভুক্তি নবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শন করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে সোমবার (২৩ নভেম্বর) সরেজমিনে কলেজটির সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে প্রতিনিধি দলটি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ‘বিএসসি ইন বেসিক নার্সিং’ এবং ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে ‘বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং’ কোর্সসমূহের অধিভুক্তি নবায়নের সম্ভাব্যতা ও প্রয়োজনীয় মানদণ্ড যাচাই করেন।
দিনাজপুর মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জিয়াউল হাসানের নেতৃত্বে (আহ্বায়ক) গঠিত এই পরিদর্শন কমিটির অন্য সদস্যরা হলেন-দিনাজপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহাজাহান আলী (সদস্য) এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. শাহ মো. বদরুদ্দোজা (সদস্য সচিব)। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মু. নূর-রায়হান সহায়তাকারী কর্মকর্তা হিসেবে পরিদর্শন কমিটির সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে কলেজ কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ গভর্নিং বডির ভারপ্রাপ্ত সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. এ এইচ এম শফিকুর রহমান, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কলেজ গভর্নিং বডির সদস্য এ কে এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সম্পাদক ও গভর্নিং বডির সদস্য মো. আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশনের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের পরিচালক ডা. গোলাম মোস্তফা, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার এবং সচিব মো. শাহজাহান আলীসহ কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিদর্শন টিম কলেজের কম্পিউটার ল্যাব, শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, লাইব্রেরিসহ সকল বিভাগ ঘুরে দেখেন এবং শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত বিষয় নিয়ে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।