• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
  • [gtranslate]

হাবিপ্রবির সহকারী অধ্যাপক সোহানা জুঁই এর পিএইচডি লাভ

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর: / ১৪৪ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সহকারী অধ্যাপক (জিপিবি বিভাগ) সোহানা জুঁই বাংলাদেশের তুলা নিয়ে এমন একটি গবেষণা কর্ম সম্পন্ন করেছেন যা বাংলাদেশের তুলা স্বনির্ভরতায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। তিনি পিএইচডি কোর্সের অংশ হিসেবে এই গবেষণা কর্ম সম্পন্ন করে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তাঁর গবেষণার শিরোনাম ছিল ‘সিলেকশন অব আর্লি জেনোটাইপস বাই বায়োমেট্রিক্যাল এন্ড মলিকুলার টুলস টু ইম্প্রুভ ফাইবার ইয়েল্ড ইন আপল্যান্ড কটন।’

বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড এবং হাবিপ্রবির জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের যৌথ উদ্যোগে এই গবেষণা সম্পন্ন হয়। গবেষণার মূল লক্ষ্য ছিল, স্বল্প সময়ে উৎপাদিত হবে এমন তুলার নতুন জাত উদ্ভাবন করা। তিনি ১০০ টি লাইনে কাজ করে ৫ টি উন্নত লাইন পেয়েছেন। যেগুলোর মাধ্যমে আগাম জাতের তুলার জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে । আগাম জাতের তুলা উৎপাদনের এই নতুন উদ্ভাবনের ফলে কৃষক ১ মাস আগেই মাঠ থেকে তুলা সংগ্রহ করতে পারবেন এবং বাকি সময় মাটির সঠিক ব্যবহার করে আরো অন্যান্য ফসল উৎপাদন করতে পারবেন।

সোহানা জুঁই জানান, বাংলাদেশে প্রতি বছর ১২ লক্ষ টন তুলার চাহিদা রয়েছে। উৎপাদন হয় মাত্র ৩৬ হাজার টন। চাহিদার অতিরিক্ত তুলা বিদেশ থেকে আমদানি করতে গিয়ে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে ব্যয় করতে হচ্ছে। এই গবেষণা সল্প সময়ে তুলা উৎপাদন বৃদ্ধি এবং তুলায় বাংলাদেশের স্বনির্ভরতা অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে।

সোহানা বলেন, বাংলাদেশের তুলার গুণগত মান ভালো। কিন্তু তুলা উৎপাদন করতে ৬ মাস এর অধিক সময় লেগে যায়। সময় কমানোর লক্ষ্য নিয়ে আমি গবেষণা করেছি এবং সফল হয়েছি। আমার গবেষণা অনুযায়ী একমাস আগাম সময়ে, অর্থাৎ পাঁচ মাসেই তুলা উৎপাদন করা যাবে। আশা রাখছি তুলার নতুন জাত বাজারে এলে কৃষক ১ মাস আগেই তুলা সংগ্রহ করতে পারবে।

সোহানা জুঁই এর পিএইচডি সুপারভাইজর ছিলেন প্রফেসর ড. মো আরিফুজ্জামান এবং কো-সুপারভাইজর ছিলেন প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস ।

সোহানা জুঁই তাঁর গবেষণা সম্পর্কে বলেন, আমি মোট ১০০ টি আগাম লাইন নিয়ে কাজ করেছি। সেখানে ৫টি আগাম লাইন পেয়েছি। যা দিয়ে আগাম তুলার জাত উদ্ভাবন করা যাবে। আশা রাখছি বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড আগাম জাতের তুলা উৎপাদন করে আমার গবেষণা কর্মের মূল্যয়ন করবেন, যার মাধ্যমে দেশের কৃষি ও কৃষক উপকৃত হবে।

সোহানা তার পিএইচডি ডিগ্রিটি তার একমাত্র কন্যা “রুমাইসা তাসনিম” এবং মা-বাবাকে উৎসর্গ করেন।

উল্লেখ্য যে, এই গবেষণা কর্ম নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের পিএইচডি ডিফেন্স সম্পন্ন হয়েছে। সোহানা জুঁই ২০০৬ সালে সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজ হতে এসএসসি, ২০০৮ দিনাজপুর সরকারি কলেজ হতে এইচএসসি, ২০১৩ সালে হাবিপ্রবি হতে বিএসসি ইন এগ্রিকালচার ও ২০১৭ সালে এমএসসি ইন জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং পাস করেন এবং ২০১৯ সালে হাবিপ্রবিতে লেকচারার (ডিপার্টমেন্ট অফ জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং) হিসেবে যোগ দেন। বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি দিনাজপুর শহরের পুলহাট নিবাসী আলহাজ্ব এস. এম. রজব আলী ও দিলরুবা সরকার এর কন্যা। সোহানা জুঁই এর একমাত্র কন্যার নাম রুমাইসা তাসনিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd