• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিরলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা

খাদেমুল ইসলাম, দিনাজপুর / ১৮১ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

দিনাজপুরের বিরল উপজেলায় এক শোকগম্ভীর, মর্যাদাপূর্ণ আবহে প্রয়াত আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেলে উপজেলা পরিষদের সামনে শহীদ মিনার প্রাঙ্গন যেন রূপ নিয়েছিল স্মৃতির এক নীরব তীর্থভূমিতে। নেত্রীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় সেখানে জড়ো হন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। প্রার্থনার হাত উঠেছিল আকাশের দিকে, চোখে ছিল কৃতজ্ঞতা আর হৃদয়ে গভীর শূন্যতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। আবেগঘন বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে তিলে তিলে মেরে ফেলার চেষ্টা করেছে। এতে তাঁর স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে। তবে যারা এই নির্মমতা করেছে, মহান সৃষ্টিকর্তা তাদের শাস্তি দিয়েছেন—আজ তারা দেশছাড়া।
তিনি আরও স্মরণ করিয়ে দেন বেগম খালেদা জিয়ার অটুট দেশপ্রেমের কথা—
“এক সময় তিনি বলেছিলেন, আমার কোনো দেশ নেই, আমার কোনো বাড়ি নেই—বাংলাদেশই আমার দেশ, বাংলাদেশই আমার বাড়ি।”
সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, বাবা-মা ও ভাইকে হারিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ এতিম হয়ে গেছেন, কিন্তু দেশের জনগণ তাঁকে এতিম হতে দেবে না। বীরের বেশে তাঁর দেশে ফেরা দেখে পুরো বিশ্ব বিস্মিত হয়েছে। তাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তবেই বাংলাদেশ পাবে তার কাঙ্ক্ষিত নেতৃত্ব। তিনি বলেন, আগামীর নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি বাংলাদেশ বিনির্মাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিরল পৌর জিয়া পরিষদের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান আক্কারুলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সদস্য ও উপজেলা বিএনপির উপদেষ্টা মোঃ মিজানুর রহমান।

স্মরণসভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জিয়া পরিষদের সভাপতি মোঃ মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন জিয়া পরিষদ বিরল উপজেলা সভাপতি অধ্যাপক মোঃ মোস্তফা কামাল।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন সরকার।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নন, তিনি গণতন্ত্রের প্রতীক, সংগ্রামের সাহসী অধ্যায়। জাতির এই ক্রান্তিলগ্নে তাঁর আদর্শ ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।

দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। প্রার্থনায় কণ্ঠ মিলিয়ে সবাই কামনা করেন—মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd