“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, প্রাণিসম্পদ মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, দিনাজপুরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক শেখ হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপপরিচালক ডা. মো. আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসাসহ জেলা প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এর আগে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন খামারির অংশগ্রহণে আয়োজিত প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের প্রশিক্ষণ এবং মানসম্মত পশুখাদ্য নিশ্চিত করার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সম্ভাবনা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।