দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান বলেছেন, শিল্প চর্চার ইতিবাচক ভূমিকা রাখতে এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করতে ড্রইং স্কুল প্রান্তিক পর্যায়ে কাজ করে যাচ্ছে। চিত্র ও শিল্পচর্চায় বাঙালীর সংস্কৃতির একটি ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে ধরে রাখতে ড্রইং স্কুল দিনাজপুর শিশু শিক্ষার্থীদের চিত্রকলায় সহযোগিতা করে যাচ্ছে।
৫ সেপ্টেম্বর শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী পাটুয়াপাড়া এনায়েতপুর মহল্লায় প্রতিষ্ঠিত মানবিক প্রতিষ্ঠান ড্রইং স্কুল দিনাজপুরে উৎসবমূখর পরিবেশে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
ড্রইং স্কুল দিনাজপুর এর নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানা তার স্বাগত বক্তব্যে বলেন, এই চিত্রাংকন প্রতিযোগিতাটি পেট্রা প্রোডাক্ট বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
এ প্রতিযোগিতায় অভিভাবকসহ বয়ভিত্তিক ৫টি গ্রুপে শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করছে। চিত্রাংকন প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মা ও ছোট ছোট শিক্ষার্থীকে একসঙ্গে ছবি আঁকার মনোমুগ্ধকর দৃশ্য পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও প্রতিটি গ্রুপ থেকে ৫ জন করে শ্রেষ্ঠ প্রতিযোগিতার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে শহর সমাজসেবা অফিসার ও ড্রইং স্কুলের নির্বাহী সদস্য মোঃ মাইনুল ইসলাম বলেন, ড্রইং স্কুল দিনাজপুর চিত্রকলা চর্চার একটি কারখানা বলে আমার মনে হয়। এখান থেকে চিত্রাংকন শিখে অনেক ক্ষুদে শিক্ষার্থী নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে বলে আমার বিশ্বাস।
এসময় পেট্রা প্রোডাক্ট বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার মোঃ মহররম এবং প্রোডাক্ট প্রমোশন অফিসার নাহীদা আক্তার বুবলী উপস্থিত ছিলেন এবং সনদপত্র বিতর করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক আব্দুস সামাদ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুলের অর্থ সম্পাদক আফরোজা পারভিন ঝুমা।