সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে দিনাজপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে দেশীয় ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের গোদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয় প্রাঙ্গণে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে আম, কাঁঠাল, জলপাই, লিচুসহ বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক দেশীয় ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, দিনাজপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. মোর্শেদ জামিল, গোদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী পন্ডিত, গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসনা আরা বেগম, লংকাবাংলা ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মো. মোর্শেদ জামিল বলেন, দেশীয় ফলজ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানোর আগ্রহ ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দেশীয় ফলজ গাছের বিস্তার এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। সেই সাথে চারা বিতরণ ও রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বিষয়ে সচেতনতা সৃষ্টি হবে।