দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
আজ রবিবার সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে রিফাত ইমন (২২) ও একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)।
স্থানীয়রা জানায়, দিনাজপুর মহাসড়কের জালিয়াপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল চালক ইমন ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যান।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি শনাক্ত করেছেন। আইনানুগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।