দিনাজপুরে জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের মাত্র ৫ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচনের পর ফলাফল পুনঃগণনার দাবি এবং এরপর মারধরের অভিযোগ—দুই ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে।
দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মাত্র ৫ ভোটের ব্যবধানে সভাপতি পদে পরাজিত প্রার্থী আনারুল হক পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন। তার অভিযোগ, ব্যালট পেপার পাহারায় থাকা লোকজনকে অবরুদ্ধ ও তাকেসহ তার সমর্থকদের মারধর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়ে বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
গেল বুধবার নির্বাচন শেষে সভাপতি পদে মাত্র ৫ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়। নির্বাচনে পরাজিত সভাপতি প্রার্থী আনারুল হক পরের দিন ফলাফল পুনরায় গণনার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ভোটের ফলাফল পুনরায় গণনার দিন নির্ধারণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে আনারুলের অভিযোগ আবেদনের পর থেকে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও হামলার চেষ্টা চালানো হচ্ছে।
এরই মধ্যে বৃহস্পতিবার রাতে পরাজিত প্রার্থীর ব্যালট পাহারায় থাকা লোকজনকে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ করেন আনারুল হক। তার দাবি, তাদের উদ্ধারে গেলে নির্বাচিত সভাপতি প্রার্থী শ্রী বিপ্লব কুন্ড এর লোকজন তাকে ও তার লোকজনকে মারধর করে রক্তাক্ত করেন।
পরে আহত অবস্থায় আনারুল হককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। শনিবার সুষ্টু ও সুন্দরভাবে ভোট গণনা ও হামলাকারীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবী জানান।
এদিকে শনিবারের পুনঃগননায় কী ফল আসে, সেদিকেই নজর সংশ্লিষ্টদের। পুনঃগণনার পরই নির্বাচনের ফলাফল নিয়ে তৈরি হওয়া বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা সংশ্লিষ্টদের।