দিনাজপুর ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (ডিআইএসটি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ৭ম পর্বের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে দিনাজপুর শহরের পাহাড়পুরে অবস্থিত প্রতিষ্ঠানের ৪নং ভবনের ৪র্থ তলায় বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন ডিআইএসটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহমুদুর রশীদ, স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মামুনুর ফেরদৌস।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইলেকট্রিক্যাল টেকনোলজির ৩য় পর্বের শিক্ষার্থী মুসাব্বির হাসান তালুকদার এবং পবিত্র গীতা পাঠ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ৩য় পর্বের শিক্ষার্থী লিলি রাণী। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ৩য় পর্বের শিক্ষার্থী মাহমুদুল হাসান।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী মোছা. নওশিন শারমিলা এবং সিভিল টেকনোলজির শিক্ষার্থী ফাহিম হোসেন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ৩য় বর্ষের শিক্ষার্থী মমতাজ বেগমের বাবা মমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, “যদি তুমি দক্ষ হও, তবে তুমি বেকার নও। দক্ষতা অর্জন করতে পারলে কর্মসংস্থানের সুযোগ অবশ্যই সৃষ্টি হবে।” তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মাহমুদুর রশীদ বলেন, আধুনিক প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মো. মামুনুর ফেরদৌস বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের শিক্ষা ও অর্জিত জ্ঞান যেন দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগে।” তিনি শিক্ষার্থীদের সফল কর্মজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা ও সনদ প্রদান করেন।
এর আগে সংগীত পরিবেশন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।