দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে
৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। এ ঘটনায় মাদক কারবারের অভিযোগে ইকবাল হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে র্যাব-১৩ থেকে পাঠানো এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটক ইকবাল হোসেন উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামের ইমান আলীর ছেলে।
র্যাব জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইকবাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে তার কাছে মজুত রাখা হয়েছিল বলেও দাবি করা হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরকরেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।