পঞ্চগড়ের আটোয়ারীতে বিশেষ অভিযান চালিয়ে সাত কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও বিজিবি-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান।
এর আগে সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপাড়া এলাকায় বিজিবির বর্ষালুপাড়া বিওপির বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি কষ্টি পাথর, দুটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।
আটকরা হলেন, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগড় ইউনিয়নের দুলাল হোসেন (৩৬) ও ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার কলিম উদ্দিন (৪০)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে সীমান্তের মেইন পিলার ৩৯৬ এর ৫ নম্বর রেফারেন্স পিলার থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাধাকৃষ্ণ বাজার এলাকায় অভিযান চালানো হয়। উদ্ধার করা কষ্টি পাথর ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান জানান, জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিদের আটোয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।