দিনাজপুর পৌরসভা এলাকার সড়ক এবং মহাসড়কে টোল আদায়ের নামে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে দিনাজপুরে ট্রাক মালিক ও ট্রাক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা সড়ক ধর্মঘট কর্মসূচীতে প্রায় পাঁচ ঘণ্টা অচল হয়ে পড়ে জেলার সড়ক ও মহাসড়ক। এতে সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে পরে। স্থানীয় সাংসদ ও প্রশাসনের আশ্বাস এবং আলোচনার পর ধর্মঘট কর্মসূচী প্রত্যাহারে স্বাভাবিক হয় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
রোববার (১০ মে ২০২৬) বেলা ১১টার দিকে ধর্মঘট চলাকালে দিনাজপুর পিডিবি মোড়স্থ দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজ-২৪৫) এর প্রধান কার্যালয়ের সম্মুখে দিনাজপুর ট্রাক মালিক ও ট্রাক শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এবং দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. সাদাকাতুল বারী, জানান, আজ ধর্মঘট চলাকালীন সময়ে স্থানীয় সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম আমাদেরকে মোবাইলে আশ্বস্ত করেন এবং পৌর প্রশাসককে অবিলম্বে এই টোল আদায় বন্ধের নির্দেশনা দেন। পরবর্তীতে পৌর প্রশাসক পৌর আদেশের মাধ্যমে একটি পত্র আমাদেরকে প্রেরণ করেন। যেখানে উল্লেখ আছে স্থানীয় সাংসদ দিনাজপুরে না আসা পর্যন্ত এই পৌর টোল আদায় বন্ধ থাকবে। পরবর্তীতে মালিক-শ্রমিক এবং প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার কর্তৃপক্ষসহ সকলের উপস্থিতিতে বিষয়টি সুন্দরভাবে সমাধান করবেন বলে আশ্বিাস প্রদান করেন। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আহবানকৃত ধর্মঘটটি আজ প্রত্যাহার করে নিলাম।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সফু আহমেদ, সাধারন সম্পাদক মো. ফজলুর রশিদ ফজলু, দিনাজপুর ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ারুল হকসহ ট্রাক মালিক গ্রুপের ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, টোল আদায়ের নামে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে দিনাজপুর জেলা ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা সড়ক ধর্মঘটে সকাল ৬টা থেকে দিনাজপুর জেলার সড়ক-মহাসড়কসহ জেলার অন্যান্য উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও রোগীরা। বেলা ১১টার দিকে অবরোধ প্রত্যাহারের পর থেকে ধীরে ধীরে জেলার সকল রুটে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক নেতৃবৃন্দ ধর্মঘট চলাকালীন সময়ে বলেন, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাক থেকে টোল আদায়ের নামে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে এবং মালিক-শ্রমিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। একাধিকবার অভিযোগ দেওয়া হলেও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তাই আমরা আজ অবৈধ চাঁদাবাজীর প্রতিবাদে সড়কে নেমেছি।
দিনাজপুর শহরে প্রবেশ করলেই ট্রাক চালকদের থেকে ১০০ টাকা করে চাঁদা নেওয়া হয়। টাকা না দেওয়া হলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং গাড়ির গ্লাস ভাংচুর করা হয় চাঁদাবাজির নামে। বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানোর পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তারা।
দিনাজপুর ট্রাক শ্রমিক মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী বলেন, টোল আদায়ের নামে চাঁদাবাজী প্রশাসনের আশ্বাসে আপাতত বন্ধ আমরা ধর্মঘট স্থগিত করেছি। তবে স্থায়ী সমাধান না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেওয়া হবে। ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ধর্মঘট কর্মসূচী প্রত্যাহারের পর থেকে ধীরে ধীরে জেলার সব সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।