
আগামী ১৬ মার্চ ২০২৬ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে গেল শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ কাঞ্চনে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রতিটি আয়োজন হবে শোভন, সুশৃঙ্খল ও সাশ্রয়ী। ইফতার আয়োজনও থাকবে অত্যন্ত সাদামাটা। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে তিনি বলেন— “Every part of the program must be decent.”
প্রধানমন্ত্রীর এই সফরে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন ছাড়াও আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন এবং পারিবারিক সদস্যদের কবর জিয়ারত করবেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল, আক্তারুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এই উদ্যোগের মাধ্যমে ১২.২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল পুনঃখনন করা হবে। এর ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, প্রায় ১২০০ হেক্টর জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি খালের দুই তীরে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে,বাংলাদেশে খাল খনন কর্মসূচির সূচনা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ১৯৭৬ সালের ডিসেম্বর মাসে যশোর জেলার উলশী এলাকায় “উলশী–যদুনাথপুর খাল খনন প্রকল্প” উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচির ভিত্তি স্থাপন করেন। সে সময়ে এই প্রকল্পটি প্রান্তিক মানুষের কাছে অপরিহার্য হিসেবে প্রতিীয়মান হয়।