তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রিয় নেতাকে স্বাগত জানাতে দিনাজপুর থেকে ২০ হাজারের অধিক নেতাকর্মী ঢাকায় রওনা করেছেন। জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ২২টি ইউনিটের নেতাকর্মী ঢাকায় যাবেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গেল মঙ্গলবার ও বুধবার সকাল থেকেই দিনাজপুর জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ঢাকার পথে রওনা করেছেন। সর্বশেষ আজ রাত ১১টায় বিশেষ ট্রেনে আরো অনেক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছেন। সব মিলে ২০ হাজারের বেশী নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় পৌঁছাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী (বাবু চৌধুরী) এ তথ্য নিশ্চিত করে জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের ঢাকায় যাত্রা। তিনি বলেন, এরই মধ্যে অনেক নেতাকর্মী ট্রেন, বাস, মিনিবাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে ঢাকায় পৌঁছে গেছেন, অনেকেই ঢাকার পথে রয়েছেন আর বাকী নেতাকর্মীরা আজ বুধবার রাতে বিশেষ ট্রেনে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।