
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আলতাফুজ্জামান মিতা (৬৫) কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো.আনোয়ার হোসেন এর নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন-২ কার্যক্রম এর অংশ হিসেবে দিনাজপুর গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম তাকে আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে ২০ ডিসেম্বর রাত ১ টা ৪৫ মিনিটে দিনাজপুরের বিরামপুরে অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আলতাফুজ্জামান মিতা কে আটক করে ডিবি পুলিশ।
আটককৃত আশরাফুজ্জামান মিতা দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর এলাকার বাসিন্দা মো.সালেহ উদ্দিন আহমেদ এর ছেলে।
দিনাজপুর জেলা পুলিশ কর্তৃক প্রেরিত আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা কে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আটককৃত মো.আলতাফুজ্জামান মিতা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দিতেন এবং নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন মর্মে প্রাথমিকভাবে জানা যায়। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার সাথে সম্পৃক্ত ছিলেন মর্মে জানা যায়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সাথে পরস্পর যোগসাজসের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করে আসছে মর্মে গোপন সংবাদে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।