• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে লেখক ফোরামের নজরুল’ শীর্ষক আলোচনা সভা 

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর / ৪৯ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে কলম চালিয়েছেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। শ্রমজীবী মানুষের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তিনি পুরো বাংলা অঞ্চল ঘুরে বেড়িয়েছেন এবং দিনাজপুরেও এসেছেন। এটি দিনাজপুরবাসী হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অহংকারের। তাঁর মত একজন কবি, যিনি বিদ্রোহের মধ্য দিয়ে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছিলেন, তার পদার্পণ ঘটেছিল দিনাজপুরের মাটিতে। তার আগমনের মধ্য দিয়ে এই জেলা ঐতিহ্যের অংশ হয়েছে। তাঁকে নিয়ে আমরা গর্ব অনুভব করতে পারি।

১১ নভেম্বর ২০২৬ বুধবার সন্ধ্যায় দিনাজপুর লেখক ফোরামের উদ্যোগে ‘দিনাজপুরে নজরুল’ শীর্ষক এক আলোচনা সভায় এমনই অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্ট আলোচক গবেষকগণ ।

দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েলের সভাপতিত্তে প্রেসক্লাব কমপ্লেক্স নিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর জেনারেল এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্র এর পরিচালক অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান লীনা।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন দিনাজপুরের বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর মোজাম্মেল বিশ্বাস।

আলোচনা করেন বিশিষ্ট কবি এবং দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক লাল মিয়া, দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগীয় প্রধান, কবি ও গবেষক আলী ছায়েদ, বিশিষ্ট লেখিকা লায়লা চৌধুরী, দৈনিক উত্তর বাংলা সম্পাদক মতিউর রহমান রহমান, বিশিষ্ট কবি ও গবেষক লুৎফর রহমান, বিশিষ্ট কবি জোবায়ের আলী জুয়েল, দিনাজপুর লেখক ফোরামের সহ-সভাপতি কবি বাসব রায় প্রমুখ।

লেখক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক, কবি ও গবেষক তুষার শুভ্র বসাকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেখক ফোরামের সাধারণ সম্পাদক কবি অদিতি রায়। অনুষ্ঠানের সামগ্রিক বিষয় নিয়ে অনুভূতি ব্যক্ত করেন বিশিষ্ট লেখিকা ও সাংবাদিক জিনাত রহমান।

অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি ও নজরুলকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন প্রফেসর জলিল আহমেদ, কবি রুবি আফরোজ, ছড়াকার শাহজাহান মোহাম্মদ, অবি মেহেনাজ পারভিন, মামুনুর রহমান জুয়েল, কাওকাবুন নেছা, ইয়াসমিন আরা রানু, সোমা, বাসভ রায় মিনু রানী রায় তরিকুল আলম, মিজানুর রহমান ডোফুরা, রাকিউর রহমান পায়েল প্রমুখ।

নজরুল গীতি পরিবেশন করেন শিশু শিল্পী রেহনুমা বিনতে রাহাত। তবলায় সহযোগিতা করেনমিজানুর রহমান ডোফুরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি জুলেখা উসমানী হাই, লেখক মোহাম্মদ কায়সার আলী, কবি ও গবেষক বিধান দত্ত, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক নূরে আলম সিদ্দিকী, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল শাহনেওয়াজ, কবি মজেল উদ্দিন, কবি ওয়াসিম আহমেদ শান্ত, কবি মাহবুব আলম, কবি জহুরুল হক, কবি রিতা হেমব্রম, কবি পুষ্পিতা রায়, কবি তহমিনা খাতুন, কণ্ঠশিল্পী ফরহাদ আহমেদ ও প্রশান্ত কুমার রায়, সমাজকর্মী জহুরুল ইসলাম, রবিউল ইসলাম রবি, সাংবাদিক লতিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শাহনাজ হুসনে জাহান লীনা তার বক্তব্যে বলেন, কবি নজরুল ইসলাম দিনাজপুরে এসেছিলেন এটি সত্য। কতবার এসেছিলেন তা হয়তো গবেষণার বিষয়। গবেষণা করেই সব কিছু বের করতে হয়। শুধুমাত্র সাক্ষ্যপ্রমাণ দিয়ে অনেক কিছু নির্ণয় করা সম্ভব হয় না। সাক্ষ্যপ্রমাণ নাই বলে তিনি আসেন নাই এটা বলা যাবে না। গবেষণার মাধ্যমে নিশ্চিত হতে হবে যে তিনি কতবার এসেছিলেন কিভাবে কেন এসেছিলেন।

তিনি বলেন, পৃথিবীর কোথাও কোথাও ৩৭ লক্ষ বছর আগের মানুষের পায়ের ছাপ পাওয়া যায়। অথচ বাংলাদেশে মানুষের হাড় পর্যন্ত পাওয়া যায় না। এর অর্থ এই নয় যে, কয়েক হাজার বছর বা কয়েক লক্ষ বছর আগে মানুষ এই এলাকায় বসবাস করত না। করতো কি করত না, তা নিশ্চিত করা যাবে গবেষণার মধ্য দিয়ে। কবি কাজী নজরুল ইসলাম কোথায় এসেছেন, কোথায় গেছেন তা শুধু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই পাওয়া যাবে না। তবে গবেষণা করলে হয়তো ঠিকই পাওয়া যাবে যে তিনি বাংলাদেশের ৬৪ জেলার কোথায় কোথায় ছিলেন। নজরুল বর্ষ পালন করা হচ্ছে। তবে নজরুল বর্ষ শুরুর আগে যদি প্রস্তুতিমূলক কিছু কাজ করা হতো তাহলে হতো নজরুলের চৌষট্টি জেলার অস্তিত্ব সম্পর্কে আমরা জানতে পারতাম। আগামীতে তাকে নিয়ে আরো যেন গবেষণা হয় সেই বিষয়টি সরকার এবং সংশ্লিষ্ট সকলকে খেয়াল রাখা দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd