বগুড়া সাহিত্য উৎসবে সাংগঠনিক সম্মাননা লাভ করেছে দিনাজপুরের অন্যতম সাহিত্য সংগঠন দিনাজপুর লেখক ফোরাম।
জাতীয় কবিতা মঞ্চ বগুড়া শাখার উদ্যোগে ২৮ আগস্ট বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে দিনাজপুর লেখক ফোরাম সাংগঠনিকভাবে অংশগ্রহণ করে।
উৎসবে লেখক ফোরামের অংশগ্রহণকারি কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন এবং অনেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন।
উৎসবে সাহিত্য চর্চায় বিশেষ অবদান রাখার জন্য দিনাজপুর লেখক ফোরাম সহ বাংলাদেশের ২০টি সাহিত্য সংগঠনকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েল ও সাধারণ সম্পাদক অদিতি রায়ের হাতে ক্রেস্ট তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ ডা. এস এম সরোয়ার, জাতীয় কবিতা মঞ্চ বগুড়া জেলা শাখার সভাপতি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সাদেক সোহাগ ও উৎসব কমিটির সদস্য সচিব এইচ আলিম।
এ সময় দিনাজপুর লেখক ফোরামের ইয়াসমিন আরা রানু, তুষার শুভ্র বসাক, রাবেয়া খাতুন রানু, প্রিয়াঙ্কা রায়, রেজা হক, গোলাম রব্বানী, রিতা হেমব্রম, সোমা মামুনুর রহমান জুয়েল, মোসাদ্দেক হোসেন হিমু, আনন্দ সাজু, শিশির রায়, আনিসুর রহমান, রাবেয়া খাতুন রানু প্রমুখ কবিগণ উপস্থিত ছিলেন।
লেখক ফোরামের সদস্যগণ উৎসবে অংশগ্রহণ ছাড়াও উৎসবের পরদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাসভবন, মমইন পার্ক ও প্রাচীন পুন্দ্র জনপদের রাজধানী মহাস্থানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান ভ্রমণ করেন।