দেশের ক্রীড়াঙ্গন এবং বিশেষ করে ভলিবল খেলায় সার্বিক উন্নয়ন ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দিনাজপুর জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক সমিরন ঘোষকে বিশেষ সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন (বিভিএফ)।
‘কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপ’-এ বাংলাদেশ জাতীয় ভলিবল দল রানার্স-আপ হওয়ায় রোববার (৩০ আগস্ট) রাতে ঢাকার পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জায়েদী।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় ভলিবল দলের খেলোয়াড় এবং দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
দিনাজপুরে ভলিবল খেলাকে তৃণমূলে ছড়িয়ে দেওয়া এবং ক্রীড়া সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্ন সেবা ও অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের (বিভিএফ) সাবেক সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সমিরন ঘোষ এই সংবর্ধনা দেওয়া হয়।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সমিরন ঘোষ বলেন, ভলিবলের প্রতি দীর্ঘদিনের ভালোবাসা ও কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা তাঁর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। ভবিষ্যতেও দিনাজপুরসহ দেশের ভলিবল খেলাকে এগিয়ে নিতে তিনি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।