দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশইন ও অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক সর্বোচ্চ সতর্কতা জারি এবং টহল জোরদার করা হয়েছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক, অস্ত্র পাচার,পুশইন এবং অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বাধীন দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় পুশইন ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বিষয়ে বাসিন্দাদের মাঝে সচেতনতা বাড়াতে জনসচেতনতামূলক সভা এবং মাইকিং করা হচ্ছে। সীমান্তে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় বিজিবি’র অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর প্রতিটি বিওপি হতে বর্তমানে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে। পার্শ্ববর্তী দেশ থেকে গরু পাচার প্রতিরোধ এবং দেশীয় গরু খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্তে নিরবচ্ছিন্ন নজরদারি চালিয়ে যাচ্ছে বিজিবি। দেশের অখণ্ডতা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, পুশইন এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান সময়ের আলোকে জানান, সীমান্ত সুরক্ষায় চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। ঈদের ছুটিতেও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) এর সদস্যগণ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশরোধে সর্বোচ্চ সতর্কতা জারি এবং টহল জোরদার করা হয়েছে।
এছাড়া সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান এবং নিয়মিত জনসচেতনতামূলক সভা পরিচালনার মাধ্যমে সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করা হচ্ছে বলে জানান তিনি।