• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে আগাম ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: / ৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

প্রতিবারের ন্যায় এবারো সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর সদর উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় ঈদুল আযহার নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ।
দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে, চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুর উপজেলায় আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ’ পরিবারের মানুষ ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।
আজ বুধবার সকাল ৮ টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আযহার নামাজ আদায় করেন দিনাজপুর শহর ও শহরতলীর কয়েকটি এলাকার মানুষ। এই জামাতে পুরুষ, মহিলা ও শিশুসহ প্রায় ৩ শতাধিক মুসল্লি অংশগহণ করেন। এই জামাতে ইমামতি করেন দিনাজপুরের ফুলবাড়ী হলি কুরআন মাদরাসার পরিচালক ও নবাবগঞ্জ উপজেলার মোহাজেরপুর গ্রামের বাসিন্দা মাওলানা মো.আব্দুর রাজ্জাক।
এছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রামে, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামে, ১৩ মাইলে, বিরল উপজেলার পশ্চিম বনগাঁ জামে মসজিদে, বোচাগঞ্জ উপজেলায় ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদরাসা মাঠে ও খয়ের বাড়ি দাখিল মাদরাসা মাঠে প্রায় ২৫টি গ্রামের কয়েক’শ মানুষ আগাম ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।
দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আযহার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুৎবায় একই দিন ঈদ ও কুরবানি করার যৌক্তিকতা তুলে ধরে সবাইকে একই দিনে ঈদ ও কুরবানি করার আহবান জানানো হয়। পাশাপাশি  কুরআনুল করিমের আয়াতের আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানানো হয়।
পার্টি সেন্টারে ঈদুল আযহার নামাজ আদায়কারী কয়েকজন মুসল্লি জানান, দিনাজপুরে প্রথমে শুধু চিরিরবন্দর উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হতো। কিন্তু বর্তমানে দিনাজপুর সদর উপজেলাসহ আরো কয়েকটি উপজেলার বিভিন্ন গ্রামে আগাম ঈদের নামাজ আদায় করা হয়।
মুসল্লিরা আরো জানান,প্রথমে আগাম ঈদ নামাজ পড়ার বিরোধিতা করেছি। পরে কুরআন ও হাদিস পড়ে যখন জানতে পারলাম যে এটিই সঠিক তখন থেকে আমি এই নামাজের জামাতে শরিক হয়েছি। দশ বছর যাবত আগাম ঈদের নামাজ আদায় করছেন তারা।
প্রসঙ্গত, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে মুসল্লিদের একটি অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd