মায়ের মৃত্যু মানুষের জীবনের সবচেয়ে গভীর নীরব বেদনার নাম। সেই শোকের আবহেই সোমবার বিকেলে দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয় পরিণত হয়েছিল এক আবেগঘন দোয়া ও স্মরণসভায়। কোরআন তিলাওয়াত, মিলাদ এবং মোনাজাতের মধ্য দিয়ে মরহুমা বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনা করেন দলীয় নেতাকর্মীরা।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাতা বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ মে ২০২৬) বিকেল ৫টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শোকের আবহে উপস্থিত নেতাকর্মীদের চোখেমুখে ফুটে ওঠে হারানোর ব্যথা।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, সহসভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক, মোঃ আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান সরকারসহ জেলা, পৌর ও উপজেলা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল ও মহিলা দলের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মরহুমা বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। একইসঙ্গে জেলা প্রশাসকের মাতাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মৃত স্বজনদের রুহের মাগফিরাত কামনাও করা হয়। মুনাজাত পরিচালনা করেন জেলা রোড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মোঃ আশফাক।
উল্লেখ্য, গত ৬ মে ২০২৬ তারিখে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাতা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেমে আসে গভীর শোকের ছায়া। সোমবারের এই দোয়া মাহফিল যেন সেই শোকেরই নীরব প্রতিধ্বনি হয়ে উঠেছিল।
“মায়ের চলে যাওয়া শুধু একজন মানুষের বিদায় নয়,
এ যেন মাথার ওপর থেকে ছায়াময় আকাশ সরে যাওয়া।”