• বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিরলে শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নুর ইসলাম, দিনাজপুর: / ১৪১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া সহকারী শিক্ষক ইকরামুল হকের স্থায়ী অপসারণ ও চাকরিচ্যুতির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীরা।
পরে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা উক্ত বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন, “যৌন হয়রানিকারী এই শিক্ষক ইকরামুল হক-কে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো ছাত্রী এমন নির্যাতনের শিকার না হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয় ও বিভিন্ন কোচিং সেন্টারে ভালো ফলাফল ও বেশি নম্বর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়ন করে আসছিলেন। বিষয়টি নিয়ে এর আগেও একাধিক অভিযোগ উঠলেও তা যথাযথভাবে আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।
তারা আরও জানান, অতীতে এক ছাত্রীকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর তাকে বিয়ে করে পরে তালাক দেন ওই শিক্ষক। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে একবার তাকে সাময়িক বরখাস্ত করা হলেও পরে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে পুনর্বহাল হন। সর্বশেষ গত ২৯ মার্চ অনৈতিক কর্মকাণ্ডে ধরা পড়ে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হন তিনি। পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুনরায় সাময়িক বরখাস্ত করেন।
বিক্ষোভকারীরা দ্রুত অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোচিং সেন্টারে তার সম্পৃক্ততা নিষিদ্ধ করার দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এদিকে, যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ৩১ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাৎক্ষণিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করেন বলে জানা গেছে।
মানববন্ধনে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বাসেদ, জাতীয় ছাত্র শক্তির দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হারুনুর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরল উপজেলার প্রতিনিধি আলী হাসান মুজাহিদসহ স্থানীয় অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd