ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।
শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সাধারণত জাতীয় সংসদের স্পিকার সংসদ সদস্যদের শপথ পড়ান। তবে গণ-অভ্যুত্থান-পরবর্তী বিশেষ পরিস্থিতিতে সংবিধানের বিধান অনুযায়ী এবার প্রধান নির্বাচন কমিশনারকে শপথ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত থাকে। এছাড়া আরও দুটি আসনের ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা থাকায় ওই আসনগুলোর শপথ কার্যক্রম এখনো সম্পন্ন হয়নি।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।