উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দেশটির সেনাবাহিনীর যুদ্ধের পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে চলতি বছরকে তিনি ‘বিশাল পরিবর্তনের বছর’ হিসেবে অভিহিত করেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এর আগে রোববার পিয়ংইয়ংয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কোরিয়ান পিপলস আর্মির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কিম এসব কথা বলেন।
কেসিএনএ-এর প্রতিবেদন অনুযায়ী কিম বলেন, ‘আপনারা সবাই যেমন প্রস্তুত, এটি একটি বিশাল পরিবর্তনের বছর। এ সময় আমাদের সেনাবাহিনীর যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে এবং এর জন্য কঠোর প্রচেষ্টার প্রয়োজন হবে।’
তিনি আরও বলেন, ‘একইভাবে, আগামী পাঁচটি বছর হবে এমন এক সময়, যখন আমাদের সেনাবাহিনীর অসামান্য ভূমিকা আরও বৃদ্ধি পাবে, যা অন্য কেউ পালন করতে পারবে না।’
সেনাবাহিনী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিম জং উন কর্মকর্তা ও সৈন্যদের ‘উষ্ণ অভিনন্দন’ জানান এবং আশা প্রকাশ করেন যে, তারা ‘আরও কঠোর প্রচেষ্টা চালাবেন’।
তিনি বলেন, ‘আমাদের সাহসী সেনাবাহিনী দেশ ও জনগণের জন্য তাদের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত করবে এবং এর যুদ্ধের গতিপথ উজ্জ্বল কৃতিত্ব ও খ্যাতিতে মণ্ডিত হবে।’