
পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেল আরোহী দুই মাদরাসা শিক্ষার্থী মারা গেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বোদা উপজেলার শাহাপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার শিকার তিনজনই স্থানীয় একটি দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।
নিহতরা হলেন, বোদার সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭), ফুলবাড়ী এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)। একই এলাকার গুরুতর আহত রাব্বি (১৬) কে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে তার প্রাইভেট শেষে বাসায় ফিরছিল। এসময় চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় রাস্তায় মোড় নিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. সাদমান সাকিব বলেন, তিনজন মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসার আগেই মারা যায়। গুরুতর আহত মো. রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁওয়ে রেফার করা হয়। খোঁজ নিয়েছি তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
বোদা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, তিন মাদরাসা ছাত্রের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এর মধ্যে দুইজন মারা গেছেন বলে জেনেছি। নিহতদের মরদেহের সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।।