দিনাজপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভায় পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে পরিমল চক্রবর্তী তপনকে সভাপতি, মানিক গুপ্তকে সাধারণ সম্পাদক এবং গৌতম কুমার সাহাকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর শহরের চকবাজার শ্রীশ্রী হরিসভার নাটমন্দিরে শ্রী প্রেম নাথ রায়ের সভাপতিত্বে দিনাজপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিনাজপুর শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শতাধিক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব যথাযথভাবে ও জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপনের বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়।
সভায় উপস্থিত অধিকাংশ সদস্য পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের প্রস্তাব দেন। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পরিমল চক্রবর্তী তপনকে সভাপতি, মানিক গুপ্তকে সাধারণ সম্পাদক এবং গৌতম কুমার সাহাকে কোষাধ্যক্ষ করে ১৫১ সদস্যবিশিষ্ট দিনাজপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়।
সভায় জানানো হয়, নতুন কমিটির পূর্ণাঙ্গ তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে। এছাড়া সভায় ১৪৩২ বঙ্গাব্দ/২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়।