দিনাজপুর শহরে যাত্রীবেশে প্রতিবন্ধী মনোয়ার হোসেনের ইজিবাইক ছিনতাই হয়েছে। এ বিষয়ে কোতয়ালী থানায় একটি অভিযোগ করেছে সে।
শারীরিকভাবে প্রতিবন্ধী মনোয়ার হোসেন (৪০) দিনাজপুর শহরের উপশহর ৭নং এলাকার জবেদ আলীর ছেলে।
লিখিত অভিযোগে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী হয়েও ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। কিন্তু দিনাজপুরের বিরল উপজেলার সিঙ্গইল এলাকার মোজাহার আলীর ছেলে মো. লিটন (২৫) সহ অজ্ঞাতনামা আরও ৩ জন এই প্রতিবন্ধী ইজিবাইক চালকের জীবিকা বন্ধ করে দিয়েছে। গেল ২৪ মে আনুমানিক বিকাল ৫টার দিকে শহরের সুইহারী চৌরঙ্গী মোড় থেকে লিটন সহ অজ্ঞাতনামা ৩জন যাত্রীবেশে বিরল উপজেলার ধুকুরঝাড়ী বলে তার ইজিবাইক ভাড়া ঠিক হয়। তাদের নিয়ে বিরল ধুকুরঝাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বিকাল অনুমান ৫টা ২০ মিনিটে ইজিবাইক চালক তাদের নিয়ে বালুয়াডাঙ্গা বেড়ার হোটেল পার হলে যাত্রীবেশে ছিনতাইকারী লিটন অজ্ঞাতনামা অপর ৩ জন যাত্রী তাকে ভয়ভীতি ও হুমকী প্রদান করে ইজিবাইক থেকে নামিয়ে দিয়ে প্রতিবন্ধী মনোয়ারের ইজিবাইকটি নিয়ে চলে যায়।
অভিযোগে ইজিবাইক চালক উল্লেখ করেছেন যে, তার ইজিবাইকটি লাল রংয়ের ৪ ব্যাটারী বিশিষ্ট। যার মূল্য অনুমান ১ লাখ ৩০ হাজার টাকা।
এ বিষয়টি তদন্ত সাপেক্ষে উপরোক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী।