চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে বেইজিং সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৪ ও ১৫ মে তিনি এই সফর করবেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বুধবার এই তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘ প্রতীক্ষিত এই বৈঠক আগামী ১৪ ও ১৫ মে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এর আগে ট্রাম্পের এই সফর স্থগিত করা হয়েছিল। হোয়াইট হাউস আগে জানিয়েছিল, ৩১ মার্চ থেকে তিন দিনের সফরে চীন যাবেন ট্রাম্প।
ক্যারোলিন লেভিট জানান, নতুন করে বৈঠকের সময় নির্ধারণের ক্ষেত্রে যুদ্ধ বন্ধ হওয়া কোনো পূর্বশর্ত ছিল না। তিনি আরও জানান, শি জিনপিং বুঝতে পেরেছিলেন যে চলমান সামরিক কার্যক্রমের কারণে ট্রাম্পকে দেশেই থাকতে হবে এবং তিনি সফর স্থগিতের অনুরোধ মেনে নিয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন করে নির্ধারিত এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প। এই সফরকে একটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে তিনি জানান, এর জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি আরও জানান, এই ঐতিহাসিক সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে উভয় পক্ষের প্রতিনিধিরা কাজ করছেন।
লেভিট আরও জানান, চলতি বছরের শেষের দিকে ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আতিথেয়তা দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। -২৪ লাইভ নিউজপেপার