প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
রবিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও তালিকা হালনাগাদ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সভায় মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বলেন, মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। মুক্তিযুদ্ধকে অন্যান্য রাজনৈতিক আন্দোলন বা সংগ্রামের সঙ্গে এক করে দেখা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ভুলভাবে ব্যবহৃত হওয়ায় নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধ সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ ও আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে- এই সত্য নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে।
মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি এবং জাতীয় পরিচয়ের অন্যতম স্তম্ভ বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।