
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৯টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদকসহ ৪টি পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা এবং সহ-সাধারণ সম্পাদকসহ ২টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।
শনিবার (১১ এপ্রিল) রাত ৩টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোঃ ইব্রাহীম। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আইনজীবী সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা উল্লেখযোগ্য উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী ও জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ এমাম আলী। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টু।
বিএনপি সমর্থিত প্যানেলের অন্যান্য বিজয়ীরা হলেন— সহ-সভাপতি পদে মোঃ সিরাজুল ইসলাম (২৪৯ ভোট) ও মোঃ আব্দুল হান্নান (৩১১ ভোট), সহ-সাধারণ সম্পাদক মোঃ মশিহুর রহমান ফাতেমী (২১৭ ভোট), কোষাধ্যক্ষ মোঃ নিয়ামুল হক চৌধুরী (১৮৭ ভোট), পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম (৩১৩ ভোট) এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না (২৮৬ ভোট)।
সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মোঃ তোজাম্মেল হক বকুল ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ তোজাম্মেল হক লিটন বিজয়ী হন।
নির্বাহী কমিটির পাঁচ সদস্য পদে নির্বাচিত হয়েছেন— বিএনপি সমর্থিত প্যানেলের মোঃ জোবায়ের আল মাহমুদ তুহিন (২৯৮ ভোট) ও মোঃ এনামুল হক (২৪৬ ভোট), সাধারণ আইনজীবী ঐক্য প্যানেলের মোহাম্মদ ওবায়দুল্লাহ (২৫৭ ভোট) ও মোছাঃ শারমিন আক্তার সাথী (২৫৮ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ সাদেকুর রহমান বিপ্লব (২৭৭ ভোট)।