জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত দুই প্রার্থী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতেই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন।
বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা বিপুল ভোটে জয় পেয়েছেন। তিনি মোট ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল পান ৫৭ হাজার ১৫৯ ভোট।
এই আসনে মোট ভোটার ছিলেন প্রায় সাড়ে চার লাখ। এর মধ্যে প্রায় ১ লাখ ৯১ হাজার ভোটার ভোট দেন। সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়ে পরে আসনটি ছেড়ে দেন তারেক রহমান, ফলে এখানে উপনির্বাচনের আয়োজন করা হয়।
অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনেও জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পান ৪৭ হাজার ৫১ ভোট।
এই আসনে মোট ভোটার ছিলেন প্রায় ৪ লাখ ৯ হাজার। ভোট পড়েছে প্রায় ৫০ শতাংশের বেশি। নির্বাচনের দিন কিছু বিচ্ছিন্ন অনিয়মের অভিযোগ উঠলেও সামগ্রিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এক প্রার্থীর মৃত্যুর কারণে পূর্বনির্ধারিত সময়ে এ আসনের ভোট স্থগিত করা হয়েছিল।