দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর সাঁড়াশি অভিযানে পীরগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
সীমান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং মাদকের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তের প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি, কৌশলগত টহল ও আকস্মিক অভিযান পরিচালনার মাধ্যমে চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিহত করতে নিরলসভাবে কাজ করছে বিজিবি।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ এবং ৪৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১,০৩,০০০/- (এক লক্ষ তিন হাজার) টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর ও আপসহীন। চোরাচালানিদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে সীমান্তে নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি তার দায়িত্ব পালনে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।”
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫