দিনাজপুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, দিনাজপুরের যৌথ উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর-২০২৬) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। 'ক' বিভাগে শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির শিশুরা তাদের ইচ্ছামতো ছবি আঁকে। 'খ' বিভাগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিষয় ছিল ‘শিশুদের জিয়াউর রহমান’ এবং 'গ' বিভাগে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয় নির্ধারিত ছিল ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- জনতার রাজা প্রেসিডেন্ট জিয়াউর রহমান’। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকসেদ আলী মঙ্গলিয়া আলী প্রমুখ।
আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫