হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগীরা যাতে দালালচক্রের হয়রানির শিকার না হন, সে জন্য হাসপাতালগুলোকে দালালমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, অতীতে বিভিন্ন হাসপাতালে দালালদের শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় ছিল। এ সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করে হাসপাতালগুলোতে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। পাশাপাশি হাসপাতালগুলোতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণেও সংশ্লিষ্টদের তৎপরতা অব্যাহত রয়েছে। এসব উদ্যোগের ফলে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকালে দিনাজপুর মেডিকেল কলেজের গভর্নিং বডির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
হাসপাতালের জনবল সংকটের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, প্রয়োজনীয় কর্মীর অভাবে কিছু ক্ষেত্রে আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এ সংকট কাটিয়ে উঠতে বিধিবদ্ধ নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নয়ন ও হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখতে শুধু হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে স্থানীয় পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। সবার সমন্বিত প্রচেষ্টায় রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫