উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল-এর আয়োজনে দেয়ালিকা উন্মোচন ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর শনিবার ২০২৬ ষষ্টিতলাস্থ আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গনে দেয়ালিকা উন্মোচন ও বিজ্ঞান মেলার উদ্বোধন করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান।
দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল-এর পরিচালক মোঃ মাহমুদ হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ উচ্ছাস আলী, পরিচালনা পরিষদের সদস্য শাহনেওয়াজ, আজগার আলী ও রিপন প্রমুখ।
প্রধান অতিথি মোঃ লুৎফর রহমান বলেন, ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর বিশ^ গড়ে তুলতে এ ধরনের বিজ্ঞান মেলা ও সৃজনশীল চর্চা শিক্ষার্থীদের মেধা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজ্ঞান কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ কোনো বিষয় নয়, বিজ্ঞান হলো আমাদের চারপাশকে জানার, বোঝার এবং নতুন কিছু আবিষ্কার করার এক অদম্য যাত্রা।
দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল-এর পরিচালক মোঃ মাহমুদ হোসেন বলেন, আমাদের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও শ্রম দিয়ে যে দেয়ালিকাটি তৈরি করেছে এবং বিজ্ঞান মেলায় যেসব উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই ছোট্ট উদ্যোগগুলো প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে আমাদের তরুণেরাই পারবে ভবিষ্যতের জটিল বিশ^কে নতুন প্রযুক্তির আলো দেখাতে।
শিক্ষার্থীদের স্বরচিত কবিতা, ছড়া, গল্প, চিত্রকর্ম ও সচেতনতামূলক নিবন্ধে সাজানো বর্ণিল দেয়ালিকাটির উন্মোচন করা হয়।
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার এই চমৎকার প্রকাশ উপস্থিত সকলকে মুগ্ধ করে। এছাড়াও মেলার বিভিন্ন স্টলে তরুণ ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী প্রকল্পসমূহ প্রদর্শন করে। এর মধ্যে ছিল নবায়নযোগ্য শক্তি, পরিবেশ সংরক্ষণ, আধুনিক ও সবুজ নগর পরিকল্পনা, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নানা বিষয়ভিত্তিক প্রকল্প।
প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের প্রদর্শিত প্রকল্পের খুঁটিনাটি শুনে তাদের উদ্ভাবনী চিন্তাভাবনার ভূয়সী প্রশংসা করেন।
এ ছাড়াও অনুষ্ঠানে দিনাজপুর আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫