মানুষ ও প্রকৃতির বন্ধন চিরকালের। তবে জলবায়ু পরিবর্তন, নির্বিচারে বৃক্ষনিধন ও পরিবেশের ভারসাম্যহীনতার কারণে প্রকৃতি এখন নানা দুর্যোগের মুখোমুখি। ঝড়-বন্যার পাশাপাশি বজ্রপাতও বাংলাদেশের মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে খোলা মাঠে কাজ করা কৃষকেরা এ ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকেন। এমন পরিস্থিতিতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও বজ্রপাতের ক্ষতি কমানোর লক্ষ্যে দিনাজপুরে তালগাছের চারা রোপণ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি’র ক্রপ কেয়ার ডিভিশন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিরামপুর বসাকপাড়া থেকে বুড়িরহাট সংযোগ সড়কের দুই পাশে ২০০টি তালগাছের চারা লাগানো হয়।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী বৃক্ষ তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘস্থায়ী এ গাছ মাটির ক্ষয় রোধে সহায়তা করে, জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে এবং প্রাকৃতিক সবুজায়ন বাড়ায়। পাশাপাশি তালগাছ গ্রামীণ সড়ক ও কৃষিজমির পাশে ছায়া সৃষ্টি করে স্থানীয় পরিবেশকে আরও বাসযোগ্য করে তোলে। বজ্রপাতপ্রবণ এলাকায় উঁচু তালগাছ ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে—এই ধারণাকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে তালগাছ রোপণের কর্মসূচি নেওয়া হচ্ছে।
এর আগে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন পাবনার চাটমোহর উপজেলায় ৫০০টি তালচারা রোপণের মাধ্যমে এ পরিবেশবান্ধব কার্যক্রম শুরু করে। সেই ধারাবাহিকতায় দিনাজপুরসহ দেশের অন্যান্য বজ্রপাতপ্রবণ এলাকাতেও বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
চারা রোপণের পাশাপাশি স্থানীয় কৃষকদের নিয়ে বজ্রপাত সচেতনতা বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বজ্রপাতের সময় খোলা মাঠে করণীয়, নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, গাছের নিচে অবস্থান না করা এবং ঝুঁকিপূর্ণ সময়ে সতর্ক থাকার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও রোপণ করা চারার পরিচর্যার গুরুত্বও আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুরভি আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু বোরহান, ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, স্কয়ারের জোনাল সেলস ম্যানেজার কৃষিবিদ আসাদুল্লাহ আরমান আলী, ক্রপ কেয়ার ডিভিশন হেড অফিসের এক্সিকিউটিভ সেলস তাওহীদ মোঃ ফয়সালুল বারী, ফিল্ড ম্যানেজার নুর আলম সাগর, এসডিও আব্দুল্লাহ আল হাসিব ইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আজকের রোপণ করা ছোট্ট তালচারা একদিন বড় হয়ে পথিক ও কৃষকের ছায়ার আশ্রয় হবে। একই সঙ্গে এটি মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখবে। তালগাছগুলো ভবিষ্যতে বজ্রপাত মোকাবিলায় জনসচেতনতা তৈরির পাশাপাশি একটি টেকসই সবুজ পরিবেশ গড়ে তোলার প্রতীকী সবুজ প্রহরী হিসেবে ভূমিকা রাখবে।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫