দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের দুই পক্ষ পৃথকভাবে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে একটি কর্মসূচি এবং সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের নেতৃত্বাধীন বিএনপির বিদ্রোহী পক্ষের উদ্যোগে আরেকটি কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজমুল হক নাজিম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ খুরশিদ আলম (মতি)।
সভায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার, পৌর বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র মো. মাহামুদ আলম (লিটন), পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরতুজা হক অষ্টিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান মিন্টু, মজিদ মন্ডল ও জুলফিকার আলী।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকলেছার রহমান নবাব, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবুল হাসান মোল্লা, উপজেলা বিএনপি নেতা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মন্ডল ও শফিকুল ইসলাম (জুয়েল) এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুব আলম (মিলন) বক্তব্য দেন।
কর্মসূচিতে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে নেতা-কর্মীদের শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়।
অন্যদিকে, দিনাজপুর-৫ আসনের বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের নেতৃত্বে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়। বিকেল পাঁচটার দিকে সুজাপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সুজাপুর মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫