দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাক চাপায় শাকিল বাবু (১৮) নামে একজন ছাত্র নিহত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বাইসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবাইনগর অগ্রণী পেট্রোল পাম্পের পাশে দিনাজপুর থেকে আসা একটি মাল বোঝাই ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে সাইকেলসহ শাকিল ট্রাকের সামনের চাকার মাঝে পড়ে যায়। পিছনের চাকা শাকিলের বুকের উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই শাকিল নিহত হয়।
নিহত শাকিল বাবু দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড রানীপুর নিবাসী আনোয়ার হোসেনের ছেলে। সে দিনাজপুর যুব উন্নয়নে দুই মাসের প্রশিক্ষণ নিচ্ছিল। ক্লাস শেষে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনায় সে নিহত হয়।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুর নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ঘটনার সময় স্থানীয়রা দ্রুত ট্রাকটিকে আটক করে। এসময় ঘাতক ট্রাকের ড্রাইভার পেট্রোল পাম্পে আশ্রয় নেন। ঘটনাটি দ্রুত ছড়িয়ে গেলে নিহত শাকিল এর পরিবার আত্মীয়-স্বজন রাস্তা অবরোধ করে। এসময় সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের রাস্তা অবরোধ করে রাখেন তারা। তাদের দাবি ট্রাকের মালিক ও চালক সহ সবাইকে আইনের আওতায় আনতে হবে।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌছান দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোহাম্মদ নূরনবী, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফ, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড মেম্বার আজিজুর রহমান, ইউন্রিডন বিএনপি'র সভাপতি আমিরুল ইসলাম ডালটন। এসময় তারা ঘটনাস্থলেই ২০ মিনিট আলোচনা শেষে সমাধানে আসে। সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ দিনের মধ্যে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে নিহত শাকিলের সৎ কাজের জন্য জানান ওসি।
ওয়ার্ড মেম্বার আজিজুর রহমান বলেন, তারপরেও থানায় একটি মামলা করা হবে। এরপরে দুই পক্ষের এই আলোচনা শেষে নিহত শাকিলের মরদেহ পরিবারের কাছে তুলে দেন পুলিশ।
অন্যদিকে প্রায় ২ ঘন্টা দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক বন্ধ থাকার পর সমাধান শেষে মহাসড়কে আবার যানবাহন চলাচল শুরু হয়। এছাড়া দুর্ঘটনার পর পেট্রোল পাম্পে লুকিয়ে থাকা ট্রাক চালককে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। চালক শাহীন একই শশরা ইউনিয়নের মহতুল্লাপুর গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম এর ছেলে বলে জানায় পুলিশ।
নিহত শাকিলের আত্মীয়-স্বজন জানিয়েছেন, শাকিল খুবই ভালো ছিল। একজন মেধাবী ছাত্র ছিল সে। তাদের দাবি কিছুদিন আগে পুলিশ লাইনে পুলিশের নিয়োগ পরিক্ষায় ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। আজ মঙ্গলবার যুব উন্নয়নে দুই মাসের প্রশিক্ষণ শেষে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
কোতয়ালী থানার ওসি আরো জানান, জেলা পুলিশের হ্যাকারের মাধ্যমে পুলিশ লাইনে ট্রাকটিকে নিয়ে যাওয়া হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত ট্রাকটি প্রশাসনের আওতায় থাকবে বলে জানান তিনি।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫